Published : 10 Jul 2026, 05:02 PM
বোম্বে হাইকোর্ট এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছে। আদালত নির্দেশ দিয়েছে, বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ডিপফেক ছবি, বিকৃত বা মরফড কনটেন্ট এবং ভিডিওগুলি অবিলম্বে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে হবে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের ডিজিটাল কন্টেন্ট কোনো ব্যক্তির মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও জোর দেওয়া হয়েছে। সম্প্রতি প্রীতি জিনতা এই বিষয়ে আদালতে আবেদন করেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তাঁর নামে এআই ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অপব্যবহারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আদালতের শরণাপন্ন হন এবং ভবিষ্যতে তাঁর অনুমতি ছাড়া এমন কোনো কন্টেন্ট যাতে ব্যবহার না হয়, সেই বিষয়েও নির্দেশনা চেয়েছেন।
এই মামলায় গুগল, মেটা সহ একাধিক সংস্থা এবং নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের নাম উল্লেখ ছিল। বিচারপতি মাধব জামদারের বেঞ্চ এই মামলার শুনানি শেষে প্রীতির পক্ষে রায় দেন। আদালত পর্যবেক্ষণ করে জানায়, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাঁর ছবি বা পরিচয় ব্যবহার করে এই ধরনের ভুয়া কন্টেন্ট তৈরি ও প্রচার করা তাঁর ব্যক্তিত্বের অধিকার, প্রচারসংক্রান্ত অধিকার এবং নৈতিক অধিকারের পরিপন্থী। আদালত আরও বলেছে, এই ধরনের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব। সময়মতো পদক্ষেপ না নিলে নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার দায় তাদেরও বহন করতে হবে। প্রীতির আইনজীবী আদালতে জানান, প্রায় ২৭৫টি ওয়েবসাইটে অভিনেত্রীর নামে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে রয়েছে, যা তাঁর ভাবমূর্তি ও সুনামের মারাত্মক ক্ষতি করতে পারে। আদালত আরও পর্যবেক্ষণ করে যে, প্রীতি জিনতা গত পঁচিশ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করে এক শক্তিশালী পরিচিতি তৈরি করেছেন, তাই তাঁর ছবি ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করে।
রায়টি ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মতপ্রকাশের স্বাধীনতা এবং ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গেও সম্পর্কিত বলে আদালত উল্লেখ করে। এদিকে, দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা আবারও বলিউডে প্রত্যাবর্তন করছেন। 'বাটওয়ারা ১৯৪৭' ছবির মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। ছবিতে তাঁর সহশিল্পীদের মধ্যে রয়েছেন সানি দেওল, শাবানা আজমি এবং আলি ফজল। আমির খান প্রযোজিত এই ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা।।